ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর তিনি ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় চারজন স্টাফ আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৯৯৮৬০।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। পরে তাকে কন্ট্রোল রুমে নেওয়ার সময় তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত স্টাফ ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালান এবং পালানোর চেষ্টা করেন।
আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বলসহ চারজন। আহতদের মধ্যে তিনজনকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান জানান, বহিষ্কারের পর ওই পরীক্ষার্থী আচমকা হামলা চালায়। তাকে থামাতে গেলে তিনি নিজেও মারধরের শিকার হন, এতে তার নাক, মুখ ও কান দিয়ে রক্তপাত হয়।
এ বিষয়ে বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় বহিষ্কৃত ওই পরীক্ষার্থী চারজন স্টাফকে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কারের পর অভিযুক্ত পরীক্ষার্থীকে নিয়ন্ত্রণে আনার সময় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিএস







































