• ঢাকা
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা কলেজে পুকুর পরিষ্কার ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঢাকা কলেজ প্রতিনিধি  এপ্রিল ১০, ২০২৬, ০৬:১৩ পিএম
ঢাকা কলেজে পুকুর পরিষ্কার ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ঢাকা কলেজে পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণায়ন হলের তত্ত্বাবধায়ক নাজমুল হাসান নয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১০টা নাগাদ পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে প্রায় ১১টা পর্যন্ত চলে। এতে কলেজের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ বিষয়ে দক্ষিণায়ন হলের তত্ত্বাবধায়ক নাজমুল হাসান নয়ন বলেন, ক্যাম্পাসের প্রতিটি আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যতে কলেজ প্রশাসনের মাধ্যমেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা করা হবে। আমরা যদি নিজেরা সচেতন হই এবং যেখানে-সেখানে ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহার করি, তাহলে ক্যাম্পাস ও পুকুর উভয়ই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। একইসঙ্গে,এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা নিজেদের মন-মানসিকতাও পরিচ্ছন্ন রাখার শিক্ষা পাই।

তিনি আরও বলেন, আজ সকালে শিক্ষার্থীরা তাদের আরামের সময় ত্যাগ করে যে আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনেও এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে দক্ষিণায়ন হলের ২০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আনোয়ার হোসেন প্রিন্স বলেন, হল প্রভোস্ট নাজমুল হাসান নয়ন স্যারের উদ্যোগে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এর মাধ্যমে যেমন ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষিত হয়েছে, তেমনি আমাদের সামাজিক দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ ঘটেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।

পুকুর পরিষ্কার কর্মসূচির পর আয়োজিত সাঁতার প্রতিযোগিতাও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসএইচ 

Link copied!