• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৪০ পিএম
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মনিরুজ্জামান নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর বিওপি এবং ভারতের জলপাইগুড়ি জেলার চেনগাও বিওপির বিপরীতে ৮৭ নম্বর সীমান্ত পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করেন। এ সময় চেনগাও বিওপিতে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।

এ ঘটনায় মিনাপুর বিওপিতে দায়িত্ব পালনরত বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, মিনাপুর বিওপি তাদের আওতাধীন নয়, এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে। তাই আহত বিজিবি সদস্যের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

এ বিষয়ে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এসএইচ 

Link copied!