• ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্লাস চলাকালে পারফিউমের ঘ্রাণে শ্বাসকষ্ট, অসুস্থ ১৫ শিক্ষার্থী


বরিশাল প্রতিনিধি জুন ২৪, ২০২৬, ০৫:১১ পিএম
ক্লাস চলাকালে পারফিউমের ঘ্রাণে শ্বাসকষ্ট, অসুস্থ ১৫ শিক্ষার্থী

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে একসঙ্গে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়ের নবম শ্রেণির পাঠদান চলাকালীন সময়ে।

হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থী সহপাঠীদের মধ্যে পারফিউম বডি স্প্রে ব্যবহার করে। মুহূর্তের মধ্যেই আশপাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে: কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া জানান, ক্লাস চলাকালীন এক শিক্ষার্থী পারফিউম বডি স্প্রে ব্যবহার করলে ঘন ঘ্রাণে আশপাশের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয় এবং ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি বলেন,১৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পিএস

Link copied!