ছবি: প্রতিনিধি
রাজশাহীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করলে এতে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।
মাহমুদা হাবীবা বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন।
তিনি রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আয়েন উদ্দীন–এর মেয়ে। তাঁর পারিবারিক বাসস্থান রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়।
দলীয় সূত্রগুলো বলছে, মাহমুদা হাবীবা দীর্ঘদিন ধরে বিএনপির মিডিয়া সেল ও সহযোগী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দলীয় প্রচার, নীতি উপস্থাপন এবং গণমাধ্যমে প্রতিনিধিত্বে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত।
সংরক্ষিত নারী আসনে তাঁর মনোনয়নকে রাজশাহীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।







































