• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৬, ০৪:০৭ পিএম
ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবিরের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে এলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।

ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সজিব হাসান দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের নেতাদের অভিযোগ, শিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং তাদের ওপর হামলা চালায়।

সংঘর্ষের সময় কলেজ গেটসংলগ্ন এলাকায় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উভয় পক্ষ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে।

এসএইচ 

Link copied!