• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই


রাজশাহী প্রতিনিধি মে ৫, ২০২৬, ০৬:২৫ পিএম
পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে সংঘটিত এই ঘটনায় টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

আরডিএ সূত্রে জানা গেছে, সংস্থাটির অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য গত ২০ এপ্রিল চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত শিডিউল জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে সকাল থেকেই নিলামকে কেন্দ্র করে বিএনপি-সমর্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল ব্যক্তি আরডিএ ভবনে প্রবেশ করে। এ সময় তারা সেখানে উপস্থিত পুলিশের সামনেই টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, ঘটনাকালে দায়িত্বরত পুলিশ সদস্যরা কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলেননি।

ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে পুনরায় আরডিএ কার্যালয়ে নিয়ে আসে। তবে এর মধ্যে দরদাতাদের মধ্যে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধার হওয়া বাক্সটি খোলা হয়। যাচাই-বাছাইয়ের সময় বেশ কিছু দরপত্রে কাটাকাটির চিহ্ন পাওয়া যায়, যা পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

দরপত্র দাখিলকারীদের অভিযোগ, ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের পক্ষকে সুবিধা দিতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে পুনরায় বাক্সে জমা দেয়। উল্লেখ্য, প্রায় ৪৫০টি শিডিউল বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়ে অল্পসংখ্যক দরপত্র।

এ বিষয়ে শাহমখদুম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ভুল বোঝাবুঝির কারণে বাক্সটি নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরডিএ কর্তৃপক্ষ চাইলে মামলা করতে পারে, না করলে পুলিশ নিজ উদ্যোগে ব্যবস্থা নেবে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দরদাতারা।

পিএস

Link copied!