• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জনতা ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড


চট্টগ্রাম ব্যুরো মে ১০, ২০২৬, ০৬:২০ পিএম
জনতা ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

চট্টগ্রামের জনতা ব্যাংক শেখ মুজিব রোড করপোরেট শাখা থেকে ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে মোট ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৪৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান ২৬ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জনতা ব্যাংকের ওই শাখার সাবেক কর্মকর্তা মো. আবু তৈয়ব, বাবুল চন্দ্র মজুমদার, রনেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন এবং প্রধান কার্যালয়ের সাবেক এসপিও মো. সাঈদ হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল হুদা নামের এক সাবেক কর্মকর্তাকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া আবু বকর সিদ্দিকী নামের অপর এক আসামির বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪২০ ধারায় দুই বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজা অনাদায়ে আসামিদের আরও এক বছরের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত পাঁচজনই আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথিপত্র অনুযায়ী, ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ২০০০ সালের ২৯ মার্চের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর করেন। পরে চলতি ও এসটিডি হিসাবের মাধ্যমে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। ব্যাংকের বিশেষ পরিদর্শন টিমের তদন্তে ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা চুরির তথ্য উঠে আসে।

এই ঘটনায় ২০০০ সালের ৬ এপ্রিল জনতা ব্যাংকের তৎকালীন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম মিয়া নগরের ডবলমুরিং থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ১৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর ২০১৩ সালের ৬ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছিল। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

এসএইচ 

Link copied!