ছবি : প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরঅনুপনগর এলাকার সাইফুল্লাহ শামিম (১২) নামে এক শিশু নিখোঁজের ১৭ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পেতে উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২ মে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি শামিম। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ শিশুটির উচ্চতা প্রায় ৩ ফুট, গায়ের রং শ্যামলা, চুল কালো ও ছোট এবং ওজন প্রায় ৩০ কেজি।
শিশুটির মা মোসা. সুরভী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানকে ছাড়া এক মুহূর্তও শান্তি পাচ্ছি না। প্রতিদিন অপেক্ষা করছি, কখন আমার ছেলে ফিরে আসবে। কোথায় আছে, কী অবস্থায় আছে কিছুই জানি না। কেউ যদি আমার সন্তানের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে আমাদের খবর দিন। একজন মায়ের আকুতি, আমার সন্তানকে ফিরিয়ে দিন।
শিশুটির বাবা মেসবাউল বলেন, গত ১৭ দিন ধরে আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। একজন বাবা হিসেবে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার সন্তানের খোঁজ পেয়ে থাকেন, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
এদিকে, স্থানীয়রাও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করে শিশুটিকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে জরুরিভাবে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ: ০১৩০৯-৮৮৫৮৮১।
পিএস







































