• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৬, ০৩:২৬ পিএম
র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে।

সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যারা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি জানান, নতুন বাহিনীটি র‍্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখনো চিন্তাভাবনা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। একই সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমে।

তিনি আরও বলেন, বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ধারার আওতায় পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে এডহক ভিত্তিতে চলছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিষয়টি পর্যালোচনা করে দেখেছেন, একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া উচিত নয়। তাই নতুন আইনের মাধ্যমে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্ট করা হবে।

র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না।

পিএস

Link copied!