• ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া, তদন্তে আসছে পেট্রোবাংলা


শরীয়তপুর প্রতিনিধি জুন ৮, ২০২৬, ০১:৫০ পিএম
শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া, তদন্তে আসছে পেট্রোবাংলা

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনায় তিন দিন পার হলেও এখনো এর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।

সোমবার (৮ জুন) বেলা ১২ টায় রহস্যের উৎস খুঁজতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ সংলগ্ন প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মাটিতে হাত রাখলেই তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে একটি বৈদ্যুতিক খুঁটির পাশের স্থানে গর্ত খনন করা হলে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। গত শনিবার দুপুরে গর্ত খননের সময় আবারও ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা একাধিকবার পানি দিয়ে মাটির নিচের তাপমাত্রা কমানোর চেষ্টা করলেও উল্লেখযোগ্য কোনো ফল পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এদিকে রোববার ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ঘটনাস্থলে খননকাজ চালানোর জন্য স্কেভেটর (ভেকু) আনা হয়েছে। সোমবার পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল এসে মাটির নিচে কোনো গ্যাস, রাসায়নিক বিক্রিয়া কিংবা অন্য কোনো ভূতাত্ত্বিক কারণ রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করবে বলে জানা গেছে।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল রহমান বলেন, শুক্রবার থেকে হাসপাতাল প্রাঙ্গণের একটি নির্দিষ্ট স্থানে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি আমরা লক্ষ্য করছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগী, স্বজন ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে স্থানটি কর্ডন করে রাখা হয়েছে। এ পর্যন্ত হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে আসবে। তাদের পরামর্শ ও পর্যবেক্ষণের ভিত্তিতেই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এবিএম বাসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করেছি। উত্তপ্ত স্থানটিতে কয়েক দফা পানি প্রয়োগ করা হলেও তাপমাত্রা স্বাভাবিক করা সম্ভব হয়নি। তাপের উৎস শনাক্ত করতে পেট্রোবাংলার একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসতেছে। তাদের উপস্থিতিতে এবং প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী খননসহ পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। জননিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পিএস

Link copied!