• ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, পরিবর্তন আনতে হলো দলে


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৬, ০৯:৪১ এএম
বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, পরিবর্তন আনতে হলো দলে

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ঠিক এমন মূহূর্তেই বড় ধরনের ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অনাকাঙ্ক্ষিত চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য রাইট ব্যাক ওয়েসলি। তার এই আকস্মিক বিদায়ের পর জরুরি ভিত্তিতে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার এদেরসন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অফিসিয়াল বিবৃতির মাধ্যমে ওয়েসলির বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গের বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত মিশরের বিপক্ষে খেলা ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচটিই কাল হয়ে দাঁড়াল ২২ বছর বয়সী ডিফেন্ডার ওয়েসলির জন্য। ম্যাচের শুরুতেই, মাত্র ১৫ মিনিটের মাথায় উরুতে তীব্র চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে, তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চোটের কারণেই মূলত বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন অধরাই থেকে গেল এই তরুণ তুর্কির। সিবিএফ-এর পক্ষ থেকে ওয়েসলির দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

ওয়েসলির বিকল্প হিসেবে সেলেসাওদের ডেরায় ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী এদেরসন। ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে দুর্দান্ত সময় কাটানো এই মিডফিল্ডারকে নিয়ে ইউরোপিয়ান দলবদলের বাজারেও চলছে তুমুল গুঞ্জন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি নাম লেখাতে পারেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে।

মিডফিল্ডার এদেরসন

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলা এদেরসন সর্বশেষ ২০২৫ সালের মার্চে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়েছিলেন। দীর্ঘ দিন পর আবারও বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পাচ্ছেন তিনি।

ওয়েসলির ছিটকে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। তিনি বলেন, "ওয়েসলি আমাদের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার অভাব পূরণ করা সহজ নয়। তবে এদেরসনের অভিজ্ঞতা এবং সামর্থ্যের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সে দলের ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।"

গামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে সেলেসাওরা। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও লড়াকু দল—হাইতি ও স্কটল্যান্ড। এখন দেখার বিষয়, ওয়েসলির এই আকস্মিক অনুপস্থিতি কাটিয়ে আনচেলত্তির দল বিশ্বকাপে কতটা দাপট দেখাতে পারে।

এম

Link copied!