• ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ তারিখেও মেলেনি মে মাসের বেতন


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  জুন ১৫, ২০২৬, ০৭:৫২ পিএম
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ তারিখেও মেলেনি মে মাসের বেতন

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের ১৫ দিন অতিবাহিত হলেও গত মে মাসের বেতন-ভাতা পাননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদটি শূন্য থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৫ জুন) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে ১৩৫ জন অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে ১১৫ জন কর্মরত আছেন। এর মধ্যে ২৪ জন চিকিৎসক, ২৯ জন নার্স, ২৮ জন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহকারী, ২৬ জন টিকাদান স্বাস্থ্য সহকারী, ৫ জন সহ-স্বাস্থ্য সহকারী এবং ৩ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি অর্থ উত্তোলন ও বিতরণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও)। সরকারি কোষাগার বা ট্রেজারি থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয়ের বিল প্রস্তুত, স্বাক্ষর ও বিতরণের ক্ষেত্রে এই কর্মকর্তার মুখ্য ভূমিকা থাকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মূলত আর্থিক লেনদেনের এই ডিডিওর দায়িত্ব পালন করে থাকেন।

কিন্তু গত ৭ মে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বদলি হয়ে অন্যত্র চলে যান। তাঁর বদলির পর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. কাবেরি শাহ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ডা. কাবেরি শাহ আর্থিক লেনদেনের প্রশাসনিক ও আইনি ক্ষমতা (ডিডিও শিপ) না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ হাসপাতালের যাবতীয় ব্যয়ের বিল প্রস্তুত ও স্বাক্ষর কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন নার্স বলেন, আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। সাধারণত প্রতি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যেই আমরা বেতন পেয়ে যাই। মে মাসের বেতন এখনো না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাবেরি শাহ বলেন, বেতন আটকে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ইউএইচএফপিও বদলি হওয়ার পরপরই সেখানে দ্রুত নতুন কাউকে পদায়ন করার জন্য পাবনা জেলা প্রশাসককে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে।

পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পদায়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের মে মাসের বেতন জটিলতা নিরসনে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

এসএইচ 

Link copied!