ফাইল ছবি
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনা পর্বতারোহী ও ব্যাংকার নুরুননাহার নিম্নিকে বিশেষ সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। নুরুননাহার নিম্নি পূবালী ব্যাংকেরই একজন প্রিন্সিপাল অফিসার। তাঁর এই হিমালয় জয় এবং এর আগের নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযানে মূল পৃষ্ঠপোষক হিসেবে পাশে ছিল পূবালী ব্যাংক।
আজ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে ‘শিখর জয়ী'র সম্মানে’ শীর্ষক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নুরুননাহারের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় এভারেস্টজয়ীর অদম্য অভিযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
গত ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন নুরুননাহার নিম্নি। দীর্ঘ ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা উড়িয়েছেন তিনি।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় তার মানবসম্পদকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে। কর্মীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত স্বপ্ন, সাহস ও সম্ভাবনার বিকাশেও পূবালী ব্যাংক সবসময় পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।
অভিযাত্রার রোমাঞ্চকর অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুননাহার নিম্নি তাঁর এই কঠিন স্বপ্ন পূরণে পাশে থাকা এবং সার্বিক পৃষ্ঠপোষকতা করার জন্য পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহারসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নুরুননাহারের এই ঐতিহাসিক অর্জনকে স্যালুট জানিয়ে তাঁর ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করা হয়।
এসএইচ







































