• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক জুন ২৬, ২০২৬, ০৫:২০ পিএম
যে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা এখন শেষের দিকে। রাউন্ড অব থার্টি টু বা শেষ বত্রিশের মঞ্চে কে কার প্রতিপক্ষ হবে, সেই সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো। এই সমীকরণ মাথায় রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে শুরুর একাদশে সুযোগ দেওয়া হতে পারে বেশ কয়েকজন তরুণ তারকাকে।

বৃহস্পতিবার দলের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনিকে বেশ নির্ভার দেখা গেছে। এ সময় প্রফুল্ল মেজাজে ছিলেন দলের ফুটবলাররাও। জর্ডান ম্যাচের জন্য ভিন্ন এক একাদশ সাজিয়ে অনুশীলন সেরেছেন আর্জেন্টাইন কোচ।

গোলবারের নিচে কঠোর অনুশীলনে দেখা গেছে হুয়ান মুসোকে, যদিও ম্যাচে মূল গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজই শুরু করবেন। রক্ষণভাগে বড় স্বস্তি গঞ্জালো মন্তিয়েলের ফেরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা এই ডিফেন্ডার এখন পুরোপুরি ফিট। অনুশীলনে তার সঙ্গে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় কার্ডের খাড়ায় পড়ে শেষ বত্রিশের ম্যাচ মিস করার ঝুঁকিতে আছেন লিয়ান্দ্রো পারেদেস। সেই ঝুঁকি এড়াতে জর্ডানের বিপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডে তাকে বিশ্রামে রাখা হতে পারে। অনুশীলনে মিডফিল্ড কম্বিনেশনে পারেদেসের সঙ্গে ছিলেন এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও জিউলিয়ানো সিমিওনে। চলতি বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি ভ্যালেন্তিন বারকোর। রোজারিও সেন্ট্রালের সাবেক এই যুব ফুটবলারেরও জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা আছে।

আক্রমণভাগে উইঙ্গার হিসেবে মাঠে দেখা যেতে পারে তরুণ নিকো পাজকে। আর স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে জুলিয়ান আলভারেজের থাকা একরকম চূড়ান্তই বলা যায়।

সবচেয়ে বড় চমক হিসেবে বিশ্বকাপের বর্তমান শীর্ষ গোলদাতা লিওনেল মেসিকে অনুশীলনে বেঞ্চে দেখা গেছে। আর্জেন্টাইন অধিনায়ককে জর্ডান ম্যাচের প্রথমার্ধে বিশ্রামে রেখে দ্বিতীয় মেয়াদে বা দ্বিতীয়র্ধে খেলানো হতে পারে। তবে জর্ডানের বিপক্ষে স্কালোনি শেষ পর্যন্ত কী কৌশল নেবেন, তা পরিষ্কারভাবে জানতে ম্যাচের শুরুর বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হবে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের।

এসএইচ 

Link copied!