• ঢাকা
  • বুধবার, ০১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কচুরিপানার মধ্যে সাড়ে ৩ ঘণ্টা লুকিয়ে চোর, অবশেষে...


বরিশাল প্রতিনিধি   জুলাই ১, ২০২৬, ০৮:৫৫ পিএম
কচুরিপানার মধ্যে সাড়ে ৩ ঘণ্টা লুকিয়ে চোর, অবশেষে...

ছবি : প্রতিনিধি

বরিশাল: একটি ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে খালের কচুরিপানার মধ্যে সাড়ে তিনঘন্টা নাক বের করে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি এক চোরের। গ্রামবাসীর প্রাণপণ চেষ্টায় অবশেষে খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা চোরকে আটক করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের। আটক চোর সুজন হাওলাদার (৩২) পাশ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।

বুধবার সকালে ওই গ্রামের বাসিন্দা সজিব হাওলাদার জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে চুরি করতে ঢুকে এক চোর। দোকানের মালামাল চুরি করার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার শুরু করে। একপর্যায়ে পালিয়ে বাঁচতে দোকানের পাশে খালের কচুরিপানার মধ্যে ঝাপ দেয় ওই চোর। পরবর্তীতে সাড়ে তিনঘন্টা তল্লাশি চালিয়ে বুধবার (পহেলা জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে কচুরিপানার মধ্যে নাক বের করা অবস্থায় চোরকে আটক করা হয়। 

তিনি আরও জানান, দীর্ঘক্ষন পানিতে থাকার কারণে চোর সুজন অসুস্থ হয়ে পরেছে। তাই তার চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও তার (সুজন) বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ বিষয়ে এখনও কেউ থানা পুলিশকে অবগত করেননি। চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএস

Link copied!