ফাইল ছবি
ঢাকা: আন্তর্জাতিক বাজারে টানা দরপতনে সোনার দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ ফলন এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির প্রত্যাশায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কমে যাওয়ায় এই মূল্যবান ধাতুর দামে আরও কমেছে।
বুধবার (১ জুলাই) স্পট গোল্ডের দাম প্রায় ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭৪.৭৫ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে দাম গত নভেম্বরের পর সর্বনিম্ন ৩ হাজার ৯৪২.৯৯ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের আগস্ট ডেলিভারির গোল্ড ফিউচার্সের দামও ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৭.৭০ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশাই মূলত সোনার দামে চাপ সৃষ্টি করছে। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। পাশাপাশি শক্তিশালী মার্কিন ডলার বিদেশি ক্রেতাদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল করে তুলেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, যারা দীর্ঘমেয়াদে সোনায় বিনিয়োগ করতে চান বা অলংকার কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য বর্তমান দরপতন একটি ভালো সুযোগ হতে পারে। তবে অর্থনৈতিক তথ্য প্রকাশ এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের কারণে আগামী কয়েক দিনে সোনার দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।
এদিকে, বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের জুন মাসের কর্মসংস্থান প্রতিবেদন এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের দিকে। এসব তথ্যের ওপর নির্ভর করেই আন্তর্জাতিক বাজারে সোনার দামের পরবর্তী গতিপথ নির্ধারিত হতে পারে।
সোনার সাথে স্পট সিলভারের দাম ১.৪% কমে প্রতি আউন্স ৫৭.৭৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৬% কমে ১ হাজার ৫৪২.৭০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৪% কমে প্রতি আউন্স ১ হাজার ১৮৭.০১ ডলারে নেমেছে।
পিএস


-6a312559f1cb9-20260701155224.jpg)




































