• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোলার ১১৮টি মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি


ভোলা প্রতিনিধি অক্টোবর ১২, ২০২৬, ০৬:৪১ পিএম
ভোলার ১১৮টি মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

ছবি : প্রতিনিধি

ভোলা: ভোলার মণ্ডপে মণ্ডপে এখন চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছর জেলার সাত উপজেলার ১১৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলার অধিকাংশ পূজা মণ্ডপের প্রতিমা গড়ার মূল কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে বিগত বছরের তুলনায় এ বছর দুর্গোৎসবে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাজসজ্জা, প্রতিমা তৈরি ও আয়োজকদের বেশ হিমশিম খেতে হচ্ছে।

হাতে আর মাত্র অল্প কিছু দিন বাকি, তাই রাত-দিন চলছে সাজসজ্জার ধুম। প্রস্তুতির শেষ পর্যায়ে কোনো কোনো মণ্ডপে চলছে রং তুলির কাজ, আবার কোথাও চলছে প্যান্ডেল ও ডেকোরেশন এর কাজ। ভোলায় এ বছর ১১৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরিতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরির কারিগর ও আয়োজকরা চিন্তিত। পাশাপাশি, সবকিছুর মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎসবমুখর ভাবে পূজা পালনের জন্য সরকারি অনুদান বাড়ানোর দাবি জানিয়েছেন কারিগর ও আয়োজকরা।

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের পূর্ব প্রস্তুতির পাশাপাশি নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত রয়েছে শিশুসহ সব বয়সের মানুষ।

সনাতন ধর্মাবলম্বী নারী ও শিশু এবং প্রতিমা কারিগরদের সাথে কথা বলে জানা যায়, উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দের হাওয়া। কেনাকাটা ও নতুন পোশাক সংগ্রহে ব্যস্ত শিশুসহ সব বয়সের মানুষ। ভক্ত ও স্থানীয়দের প্রত্যাশা, সকল ভয়-শঙ্কা এড়িয়ে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। 

নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৭০ শতাংশ দুর্গাপূজা মণ্ডপ ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং বাকিগুলোর কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীরাও সার্বক্ষণিক কাজ করবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।

ওয়েস্টেনপাড়া সার্বজনীন পূজা কমিটির স্বর্গীয় মিহির লাল সাহার মাঠ এর সভাপতি গোপাল সাহা ও সিনিয়র সহ-সভাপতি নয়ন সেন জানান, এ বছর তাঁদের ৭৩তম বর্ষপূর্তি উৎসব হতে যাচ্ছে। তবে মূল্যস্ফীতি ও জিনিসপত্রের দাম বাড়ায় গত বছরের তুলনায় এবার খরচ অনেক বেড়েছে। কারিগররাও জানান—ককশিট, রঙ, জুরি ও আনুষঙ্গিক উপাদানের দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট বাজেটে কাজ শেষ করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এরপরও ভালোভাবে পূজা উদযাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান আয়োজক ও কারিগররা। 

ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা বলেন, এ বছর ১১৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কোনো প্রকার অঘটন যেন না ঘটে।

পিএস

Link copied!