ছবি : প্রতিনিধি
বরিশাল: স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি বিএনপিকে দুর্বল করার চেষ্টা করতে পারে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি এড়িয়ে চলতে হবে।
বুধবার ( ২১ অক্টোবর) বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় দলীয় কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত কর্মীসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সভায় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিতে পা দিয়ে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কিংবা সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়ে।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে জানিয়েছেন। দেশের কয়েকটি স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টার বিষয়টিও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সবার দায়িত্ব। কোনো মহল যেন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপিকে দুর্বল করতে কিংবা সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলে প্রতিপক্ষ সেই সুযোগ নিতে পারে। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই বিএনপির রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে দলের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের কোনো উসকানিতে উত্তেজিত হওয়া যাবে না। বরং ধৈর্য, সংযম ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। এ সময় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিএস







































