ছবি : প্রতিনিধি
বরিশাল: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পড়ে থাকা অপরিচ্ছন্ন পুকুর পরিষ্কারে নিজেই পানিতে নামলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। তাঁর সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ শতাধিক স্বেচ্ছাসেবী।
শুক্রবার (২৩ অক্টোবর) বরিশাল সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডের নতুন ভবনসংলগ্ন পরিত্যক্ত পুকুরে এ ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
আপনার আঙিনা পরিষ্কার রাখুন, সুস্থ বাংলাদেশ গড়ে তুলুন এ আহ্বানের মধ্য দিয়ে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। শুধু নিজের বাড়ি বা আঙিনা নয়, আশপাশের পরিবেশ, পুকুর, খালসহ প্রাকৃতিক জলাশয় সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা যেন শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়।
বরিশাল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-বরিশালের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিনের অপরিচ্ছন্ন পুকুরটিকে পরিষ্কার করা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
অভিযানের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। পরে জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তারা বিডি ক্লিনের সদস্যদের সঙ্গে নিয়ে পুকুর পরিষ্কারের কাজে অংশ নেন। এ সময় ইউএনও ফরিদা সুলতানা নিজেই পুকুরে নেমে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। প্রশাসনের কর্মকর্তাদের এমন সরাসরি অংশগ্রহণ স্বেচ্ছাসেবীদেরও উৎসাহিত করে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নাওশীন এবং বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনটির শতাধিক স্বেচ্ছাসেবী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা জানান, পরিচ্ছন্ন বরিশাল সদর উপজেলা গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগে বিডি ক্লিন সহযোগিতা করছে। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতাও প্রয়োজন।
পিএস







































