ছবি : সংগৃহীত
ঢাকা: দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় দোকানপাট ও শপিংমল সকাল ১১ থেকে রাত ১০ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে দুর্গাপূজা শেষে সেই আগের নিয়ম অর্থাৎ রাত ৮টায় দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
শুক্রবার (২৩ অক্টোবর) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (সকাল ১১.০০ হতে রাত ৮.০০ টা পর্যন্ত) বহাল থাকবে।”
বৃহস্পতিবার সেই সময়সূচির মেয়াদ শেষ হয়েছে। ফলে আগের সময়সূচি কার্যকর হয়েছে।
সে অনুযায়ী রাজধানীর বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট শুক্রবার থেকে বেলা ১১টায় খুলে রাত ৮টায় বন্ধ হবে।
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলার সময় পরিবর্তন করেছে সরকার।
পিএস







































