• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিবির কর্মী ফাইয়াজ পেলেন এ প্লাস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২৬, ০৬:৩১ পিএম
জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিবির কর্মী ফাইয়াজ পেলেন এ প্লাস

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। ওই সময় হাতকড়া ও দড়ি দিয়ে বেঁধে তাঁকে আদালতে হাজির করার ঘটনায় দেশজুড়ে সমালোচনা হয়েছিল।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফাইয়াজের এ কৃতিত্বের খবর জানা যায়। তিনি ঢাকা কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় আসামি করা হয়েছিল ফাইয়াজকে। ওই বছরের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাঁর বয়স ছিল ১৭ বছর।

২৭ জুলাই তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করলেও পরদিন জন্মনিবন্ধন ও এসএসসি সনদ উপস্থাপন করে তাঁর অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি জানানো হয়। পরে শিশু আদালত তাঁর রিমান্ড বাতিল করে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে হাজির করার সময় ফাইয়াজের হাতে হাতকড়া ও দড়ি বাঁধা ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে এভাবে আদালতে হাজির করার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। পাশাপাশি শিশু অধিকার ও মানবাধিকার নিয়েও প্রশ্ন ওঠে।

২০২৫ সালের জুলাইয়ে যাত্রাবাড়ী থানায় করা পুলিশ হত্যা মামলার তদন্তে ফাইয়াজের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁকে অব্যাহতির সুপারিশ করে তদন্তকারী সংস্থা। পরে আদালত তদন্তের অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করলে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি।

জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার ও পরবর্তী সময়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার ঘটনা ঘিরে আলোচনায় থাকা ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন।

এসএইচ 

Link copied!