• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিল পোশাকশ্রমিকরা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৬, ০১:৪৪ পিএম
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিল পোশাকশ্রমিকরা

ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আন্দোলন চলাকালে মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।

সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। রোববার সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষে পুরো অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা যায়, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মাধ্যমে শ্রমিকদের এই বিক্ষোভ শুরু হয়। একে একে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ সংলগ্ন এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাজপথে অবস্থান নেন। ফলে এসব এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাত।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। তবে নতুন বোর্ডের পর্যালোচনার মধ্যেই শ্রমিকেরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে এই আন্দোলন অব্যাহত রেখেছেন।

এর আগে শনিবার একই দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ ও ১১ নম্বরে সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। পরে দুপুর আড়াইটার দিকে শ্রমিকদের একটি অংশ মিরপুর-১ নম্বর মাজারসংলগ্ন বাজার এলাকায় যায়।

সে সময় শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে হিমালয় গার্মেন্টস, পাশের বাগদাদ শপিং কমপ্লেক্স ও কালশী এলাকার একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়।

এসএইচ 

Link copied!