ফাইল ছবি
সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চলাচলের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই বিধিমালা তৈরি করেছে। নতুন এই নিয়মের আওতায় অটোরিকশা সর্বোচ্চ গতিসীমা নির্ধারণসহ নানা কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নিবন্ধন ছাড়া সড়কে কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি অটোরিকশা অর্থনৈতিক লাইফটাইম বা মেয়াদ ধরা হয়েছে নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর। মেয়াদ শেষে নম্বর প্লেটসহ সংশ্লিষ্ট অটোরিকশার নিবন্ধন বাতিল করতে হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি অটোরিকশা নিবন্ধন করা যাবে।
যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে অটোরিকশার গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। চালক ছাড়াও আকারভেদে সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী বহন করা যাবে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের সড়কে এসব বাহন চলতে পারবে না।
নিবন্ধনের জন্য দুই আসনবিশিষ্ট অটোরিকশার এককালীন ফি আট হাজার টাকা এবং চার আসনবিশিষ্ট অটোরিকশা জন্য দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাৎসরিক নবায়ন ফি যথাক্রমে চার ও পাঁচ হাজার টাকা এবং ফিটনেস সার্টিফিকেট ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ও নবায়ন ফি বাবদ প্রাপ্ত সমস্ত অর্থ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে।
এসএইচ







































