• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত কর্মীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  নভেম্বর ২, ২০২৬, ০১:০৩ পিএম
জামায়াত কর্মীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোবারক হোসেন নামে এক জামায়াতকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান মোবারক হোসেন। সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এ ঘটনায় শিশুটির বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাঁচ বছর বয়সী শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর থেকে মোবারক হোসেন পলাতক থাকলেও পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে যেন কেউ আইনের আওতা এড়াতে না পারেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে অন্যথায় আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন শিশুটির বাবা আমিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও বিপ্লব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা, মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা পারভীন চামেলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়াতুল ইসলাম অনিক এবং জেলা কৃষক দলের সহ-অর্থ সম্পাদক আবু তালেব জোয়ার্দ্দার।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি মোবারক হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পিএস

Link copied!