• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় স্বর্ণের ৬টি ‘ডিম’ জব্দ, ওজন ২ কেজির বেশি


নিউজ ডেস্ক নভেম্বর ২, ২০২৬, ০৯:২৭ এএম
ঢাকায় স্বর্ণের ৬টি ‘ডিম’ জব্দ, ওজন ২ কেজির বেশি

স্বর্ণের ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

সোমবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পৃথক দু’টি অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের একজন যাত্রীকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ‘ডিম’ উদ্ধার করা হয়।

অপর অভিযানে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি স্বর্ণের ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ‘ডিম’গুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম

Link copied!