• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কৃষক হত্যার বিচার দাবিতে নান্দাইলে বিক্ষোভ ও মানববন্ধন


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি  নভেম্বর ১, ২০২৬, ০৮:১৯ পিএম
কৃষক হত্যার বিচার দাবিতে নান্দাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের বনগ্রামে পূর্ববিরোধের জেরে কৃষক জনাব আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১ নভেম্বর) উপজেলার বনগ্রামে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জনাব আলী সহজ-সরল মানুষ ছিলেন। পূর্ববিরোধের জেরে প্রভাবশালী ব্যক্তিরা তাঁকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান। পরে একটি গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর করেন। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে তাঁকে সেখানে ফেলে রেখে চলে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আদালতে মামলা হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে মামলার বাদী ও নিহতের ছেলে নূর ইসলামকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি তাঁকে হত্যা করে গুম করার হুমকিও দেওয়া হচ্ছে।

নূর ইসলাম অভিযোগ করেন, নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ উল্টো মামলা ও বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে এসব হুমকির মধ্যেই জিডি গ্রহণ করা হয়।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, জনাব আলীর মৃত্যুর পর প্রভাবশালী মহলের চাপে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়। তবে হত্যার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। আদালত নির্দেশ দিলে সিআইডি মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে পারবে বলে তাঁরা আশাবাদী।

মামলার আসামিরা হলেন মো. মিলন মিয়া (৫৫), মো. আক্তার হোসেন (৩০), মো. হেলাল উদ্দিন, মো. রুবেল মিয়া (৩০), মো. আলামিন (৩২) ও রাজীব মিয়া।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত জনাব আলীর স্ত্রী সখিনা বেগম, ছেলে নূর ইসলাম, সোহেল ও কবির মেম্বারসহ স্থানীয় বাসিন্দারা। তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

এসএইচ 

Link copied!