ছবি: সংগৃহীত
যে হাতে অস্ত্র তুলে নিয়ে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে শেষ বিদায় দেওয়া হয়েছে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অনার ছাড়াই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার বাসায় মারা যাওয়ার পর তার মরদেহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের বাড়িতে নেওয়া হলে এই বেদনাদায়ক ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জাতীয় পতাকার মর্যাদা ও সশস্ত্র সালামের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। কিন্তু উপজেলা প্রশাসনের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত মাগরিবের নামাজের পর কোনো গার্ড অব অনার ছাড়াই তার দাফন সম্পন্ন হয়।
নিহত মুক্তিযোদ্ধার ভাই শাহজাহান জানান, মৃত্যুর পর একজন বীর মুক্তিযোদ্ধা নিজের প্রাপ্য সম্মানটুকুও পেলেন না, যা তাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার। স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লাও এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া সম্ভব না হলেও অন্তত প্রশাসনের লোকজন এসে শেষ শ্রদ্ধা জানাতে পারতেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার জানান, গার্ড অব অনার ও সশস্ত্র সালামের জন্য তারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম তাদের জানান যে সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়ার নিয়ম নেই। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকও মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে এমন অমর্যাদা করায় এলাকায় তীব্র সমালোচনা চলছে বলে জানান।
এদিকে পুলিশের দাবি, তাদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি ছিল। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, প্রয়োজনীয় সরঞ্জামসহ পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু উপজেলা প্রশাসনের কেউ উপস্থিত না থাকায় পুলিশ একা তা দিতে পারেনি। তবে পুলিশের সদস্যরা জানাজায় অংশ নেন।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা ইউএনও মুন্নী ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে বাদ আসরের সময় মরদেহ আসার কথা থাকলেও তা নির্দিষ্ট সময়ে পৌঁছায়নি এবং পরবর্তীতে কখন মরদেহ আনা হবে সে বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রশাসনকে অবহিত করেননি, যে কারণে গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন জানিয়েছেন, তিনি ছুটিতে আছেন এবং বিষয়টি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করবেন।
এসএইচ







































