• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাপানি মন্ত্রীর পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বয়ংক্রিয় অনুবাদে উঠলো ‘শেখ হাসিনা’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৬, ০৮:৩০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বয়ংক্রিয় অনুবাদে উঠলো ‘শেখ হাসিনা’

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যম এক্সের (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার মারাত্মক ত্রুটির কারণে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। 

শুক্রবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এক্সের ভুল অনুবাদের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ভুলভাবে প্রদর্শিত হওয়ায় এ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার সূত্রপাত গত ২৮ অক্টোবর, যখন জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন রিওসেই আকাজাওয়া। বৈঠকের ছবিসহ নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় সঠিক তথ্য দিয়ে একটি পোস্ট দেন তিনি। তবে এক্সের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদ চালু করতেই দেখা যায় বিপত্তি। মূল জাপানি পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম লেখা থাকলেও এক্সের ইংরেজি অনুবাদে ভুলবশত শেখ হাসিনার নাম চলে আসে।

শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাপানি মন্ত্রী রিওসেই আকাজাওয়া বলেন, ব্যক্তিনামের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক মাধ্যমের এমন ভুল নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এক্সের এই ভুলের কারণে বাংলাদেশের জনগণের মনে এমন ভুল ধারণা তৈরি হওয়া স্বাভাবিক যে জাপানের মন্ত্রী দেশটির বর্তমান প্রধানমন্ত্রীকে চেনেন না।

তিনি আরও জানান, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইন বৈঠকের পোস্টেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ একই ধরনের ভুল করেছিল। এ নিয়ে পরপর তিনবার এমন অভিজ্ঞতার শিকার হলেন তিনি। এক্স কর্তৃপক্ষের প্রতি এই অনুবাদজনিত প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সংশোধনের তীব্র আহ্বান জানান তিনি।

এদিকে জাপানি ভাষায় দেওয়া রিওসেই আকাজাওয়ার মূল পোস্টটি গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি ও জেমিনাই প্ল্যাটফর্মে অনুবাদ করে দেখা গেছে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নামই সঠিকভাবে উল্লেখ রয়েছে। ফলে বিভ্রান্তিটি যে কেবলই এক্স প্ল্যাটফর্মের অনুবাদ ব্যবস্থার নিজস্ব কারিগরি ত্রুটির কারণে ঘটেছে, তা পরিষ্কার হয়ে উঠেছে।

এসএইচ 

Link copied!