ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দর্শনা জংশন এলাকায় একটি খালি মালবাহী ট্রেনে অতর্কিত তাণ্ডব চালিয়েছে ছিনতাইকারীরা। এ সময় বাধা দেওয়ায় ট্রেনের চালক (লোকো মাস্টার) ও সহকারী চালককে কুপিয়ে গুরুতর জখম করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
গত রাত (সোমবার) সাড়ে ৩টার দিকে দর্শনা জংশনের আউটার সিগন্যালের কাছাকাছি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনে এ ঘটনা ঘটে।
বর্তমানে ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়েছে রয়েছে।
আহতরা হলেন— ট্রেনের চালক (লোকো মাস্টার) নজরুল ইসলাম এবং সহকারী চালক কবির হোসেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে একটি খালি মালবাহী ট্রেন দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকে। এ সময় সংঘবদ্ধ একদল ছিনতাইকারী হঠাৎ অতর্কিতভাবে ট্রেনে হামলা চালায়। ছিনতাইকারীরা ট্রেন চালক ও সহকারী চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদের জিম্মি করে সঙ্গে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। আহত দুজন বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে উথলি রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। তাদেরকে খুলনায় পাঠানো হবে।
পরবর্তীতে আহত অবস্থায় ট্রেনটি নিয়ে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান তারা। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ট্রেনটি পরিদর্শন করেছেন।
এ ঘটনায় রেলওয়ে কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জীবননগর উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত জানান, দুধপাতিলা নামক স্থানে ট্রেন দাঁড়ানো অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। রক্তাক্ত জখম অবস্থায় তারা ট্রেন চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে উথলী স্টেশনে এসে দাঁড়ায়। আহত দুইজনকে খুলনাতে পাঠানো হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পিএস







































