ছবি : প্রতিনিধি
পাবনা: পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে শিল্পী খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের বাড়ি থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শিল্পী খাতুন ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে। অভিযুক্ত জহুরুল ইসলাম একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে পারিবারিকভাবে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের ৮ বছর পর প্রথম স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন জহুরুল। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে শিল্পীকে রেখে ঢাকায় চলে যান তিনি। প্রায় সাত বছর পর আবার শিল্পীর কাছে ফিরে আসেন জহুরুল। দ্বিতীয় সংসারে তার দুই কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে। গত ১২ নভেম্বর তিনি আবার শিল্পীর কাছে আসেন।
ঘটনার দিন রাতে স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে ঘুমিয়ে পড়েন জহুরুল। অভিযোগ রয়েছে, ভোররাতে নেশার টাকার জন্য শিল্পীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও নির্যাতন করেন জহুরুল। এ সময় ছোট মেয়েকেও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি।
খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই শিপন আলী অভিযোগ করে বলেন, নেশার টাকা না পেয়ে জহুরুল রাতভর তার বোনকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছেন। শুধু তাই নয়, এর আগেও তার বোনকে নির্যাতন করে নদীতে ফেলে দিয়েছিলেন জহুরুল। এ ঘটনায় তারা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিএস







































