• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩


শরীয়তপুর প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৩০ পিএম
জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- বালিয়াকান্দি এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ারের ছেলে আরমান জমাদ্দার (১৭)। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

বিস্ফোরণের কারণ নিয়ে দুই ধরনের দাবি
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফসলি জমিতে ককটেল রোদে শুকানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তিদের স্বজনদের দাবি, এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ঘটনার দিন তাঁরা জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে তাঁরা আহত হন।

তবে কারা ককটেল নিক্ষেপ করেছে কিংবা কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিত করতে পারেননি স্বজনেরা। পুলিশও এখনো বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।

স্থানীয় কৃষক ছায়েদ জমাদ্দার বলেন, ‘আমি পাশের একটি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনজন আহত অবস্থায় পড়ে আছেন। তাঁদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর ছিল। পরে শুনেছি, তাঁদের ওপর নাকি বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা নিক্ষেপ করেছে, তা আমি নিজে দেখিনি।’

এ বিষয়ে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।’

স্থানীয়দের দাবি, ঘটনার পর বিকেল চারটা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

লকডাউন কর্মসূচির আগের দিন বিস্ফোরণ
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগও সমর্থন জানিয়েছে।

এমন কর্মসূচির আগের দিন জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে ধারণা করা হচ্ছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল তৈরি করা হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরিত ককটেলগুলো ওই কর্মসূচির জন্যই তৈরি করা হচ্ছিল কি না, কিংবা এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক কর্মসূচির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে তদন্ত করছে।

পিএস

Link copied!