ফাইল ছবি
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনার পর রাজধানীতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
নাশকতা রোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে উল্লেখ করে নিয়াজ মেহেদী জানান, নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল লক্ষ্য।
নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা পালিয়ে আছেন ও ঢাকায় আশ্রয় নিয়েছেন, তাদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬৪টি মামলা হয়েছে, যার মধ্যে গ্রেপ্তার হওয়া ৭১ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য।
এসএইচ







































