ছবি : সংগৃহীত
ঢাকা: ২০২৭ সালের হজে গমনেচ্ছু যাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজযাত্রীদের টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখ পরবর্তী সময়ে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
টিকা গ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে যাওয়ার সময় প্রত্যেক হজযাত্রীকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে সংগ্রহ করা ই-হেলথ প্রোফাইলের প্রিন্ট কপি। নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণের সময় এসব নথি প্রদর্শন করতে হবে।
প্রকাশিত ৯০টি টিকাকেন্দ্রের তালিকায় দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকেও টিকা প্রদানের কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে মন্ত্রণালয়।
হজযাত্রীদের টিকা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, নির্ধারিত কেন্দ্র এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা যাবে।
পিএস







































