ছবি : প্রতিনিধি
পাবনা: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের ষষ্ঠ চালানসহ মোট সাতটি চালান দেশে এসে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় রূপপুরের উদ্দেশে রওনা হয় জ্বালানিবাহী লরিগুলো। সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে রূপপুরে পৌঁছায় সেগুলো। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এর মধ্যে আজ সপ্তম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে।
চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুইটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করবেন তারা।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। সর্বশেষ গত ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।
এদিকে, রূপপুরের প্রথম ইউনিট ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো ইউনিটটি থেকে টানা সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
তারা জানান, শতভাগ বিদ্যুৎ উৎপাদনে পৌঁছাতে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে। এ প্রক্রিয়ায় আরও কয়েক মাস সময় লাগতে পারে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম এগিয়ে চলছে। এরই মধ্যে ইউনিটটির জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।
এসআই







































