ফাইল ছবি
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। প্রায় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৪৫ মিলিয়ন ডলার) বিদেশি বিনিয়োগে যৌথ উদ্যোগে গঠিত 'বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড' এই প্রকল্প বাস্তবায়ন করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই যৌথ কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে জানানো হয়, শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। আগামী দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে এবং এ বিষয়ে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ২০ বছরের চুক্তি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়ির এই সৌরবিদ্যুৎকেন্দ্র জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে। এটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি খাতের বহুমুখীকরণে সহায়তা করবে। বাংলাদেশের প্রতি পিআইডিজি ও বারাকা গ্রুপের এই বিনিয়োগ আগ্রহ প্রশংসনীয় এবং এটি এ খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুপ্রেরণা জোগাবে।
বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের এই বিনিয়োগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের ২০৩০ সালের রূপকল্পের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে এ ধরনের আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক নাঈম আহমদ চৌধুরী। এ ছাড়া পিআইডিজির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, ২০০৯ সাল থেকে বিদ্যুৎ খাতে যুক্ত থাকা বারাকা গ্রুপ অতীতে ৩১৬ মেগাওয়াট এবং বর্তমানে জাতীয় গ্রিডে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। অন্যদিকে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডা—এই ছয়টি দাতা দেশের সহায়তায় পরিচালিত পিআইডিজির অঙ্গপ্রতিষ্ঠান ইনফ্রাকো এশিয়া উন্নয়নশীল দেশগুলোর টেকসই অবকাঠামো নির্মাণে কাজ করে। দেশীয় ও আন্তর্জাতিক এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করবে।
এসআই







































