• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চালের সঙ্গে বাড়ল সবজির দাম, স্থির ডিম-মুরগির বাজার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৬, ১১:৪৫ এএম
চালের সঙ্গে বাড়ল সবজির দাম, স্থির ডিম-মুরগির বাজার

ফাইল ছবি

চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে জাত ও মানভেদে কেজিতে চাল এক থেকে চার টাকা বেড়েছে। এর সঙ্গে বেড়েছে শিম, ফুলকপি, মুলা ও বেগুনের দামও। তবে ডিম ও মুরগির বাজার স্থিতিশীল আছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

চাল ব্যবসায়ীরা জানান, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। মিল পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের মাঝামাঝি আমন ধান উঠলে দাম কমতে পারে।

বাজারে নাজিরশাইল চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ১৫ থেকে ২০ দিনে কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে এটি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এর দাম ছিল ৮৫ টাকার আশপাশে।

সপ্তাহ দুয়েকের ব্যবধানে দুই টাকার মতো বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। মাঝারি চাল পাইজাম ও ব্রি ২৮-২৯ কিনতে লাগছে কেজিতে ৫৬ থেকে ৬২ টাকা। তবে মোটা চাল গুটি স্বর্ণা ও চায়না ইরির দাম স্থির আছে। এটি কেজিপ্রতি ৫০ থেকে ৫৪ টাকায় মিলছে।

কারওয়ান বাজারের খুচরা চাল ব্যবসায়ী মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী শাহজাহান মিয়া বলেন, ধানের মজুত শেষ হয়ে আসছে। তাই পাইকারিতে ২৫ কেজির নাজিরশাইল বস্তায় ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। নভেম্বরের শেষ দিকে নতুন আমন চাল এলে দাম কমতে পারে।

নাজিরশাইলের সরবরাহ সংকটের কথা বলা হলেও মিনিকেটের দাম বাড়ার নির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। কারও কারও মতে, নাজিরশাইলের সুযোগে চালকল মালিকরা মিনিকেটের দাম বাড়িয়েছেন।

তবে রেকর্ড দাম গড়া পোলাও চালের দর কিছুটা কমেছে। খোলা পোলাও চাল কেজিতে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাস আগেও এর দাম ছিল ২০০ টাকার বেশি। প্যাকেটজাত পোলাও চাল মিলছে ২১০ থেকে ২৩০ টাকায়।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল পর্যন্ত সরকারি গুদামে ১৭ লাখ টনের বেশি চাল মজুত ছিল। গমসহ মোট খাদ্যশস্যের মজুত প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে।

এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিভিন্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় সবজির সরবরাহ কমেছে। এতে বেড়েছে কয়েকটি শীতের সবজির দাম। আকারভেদে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগে এর দাম ছিল ২৫ থেকে ৩৫ টাকা।

শিমের দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় উঠেছে। বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। পটোল ও ঢ্যাঁড়শের দাম কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা।

নতুন আলু কেজিতে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা। অন্য সবজির দাম মোটামুটি একই আছে।

আগারগাঁওয়ের ভ্যান ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, কয়েক পদের সবজির পাল্লায় ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা কম। বেশি দামে কেনা সবজি বিক্রি না হলে লোকসান হবে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টি ও বিভিন্ন স্থানের দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজির ট্রাক কম আসছে। সরবরাহ কমলে দাম বাড়বেই।

গেল সপ্তাহের মতো ডিম ও মুরগির বাজার স্থির রয়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগি কেজিতে ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, নানা অজুহাতে পণ্যের দাম বাড়ান ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা দামের ব্যবধান তদারকি এবং মিলগেটের দর প্রকাশ করা উচিত। অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকিও বাড়ানো জরুরি।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, এখন চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়ান। বাজার করপোরেট দখলে চলে যাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। সরকারও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

এসএইচ 

Link copied!