নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।
ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। একাধিকবার চেষ্টা করেও কল রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এম







































