• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে সহিংসতা: দুই মামলায় আসামি ১৩ হাজার


গোপালগঞ্জ প্রতিনিধি  নভেম্বর ২৭, ২০২৬, ০৩:০৬ পিএম
গোপালগঞ্জে সহিংসতা: দুই মামলায় আসামি ১৩ হাজার

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ: সাম্প্রতিক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়। এর মধ্যে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

অন্যদিকে একই উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ ও ২৩ নভেম্বর বিজিবির নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তারা গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানান।

পুলিশের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এ ছাড়া মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় হত্যার উদ্দেশে মারধর করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়।

একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে হামলাকারীরা। একইসঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা ক্ষয়ক্ষতির বিবরণ অনুযায়ী, সেদিন থানার অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় রয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে নিলফা খালেক বাজার এলাকায় সহিংসতার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে অপর একটি মামলা করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

এ মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। পাশাপাশি কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশে হামলা করে সাধারণ ও গুরুতর জখম করা হয়। এ ছাড়া সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এদিকে এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পিএস

Link copied!