• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইইউবিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সিজেইএন সম্মেলন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৬, ০১:১৬ পিএম
আইইউবিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সিজেইএন সম্মেলন

ছবি : প্রতিনিধি

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অপতথ্য এবং সাংবাদিকতার ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে রাজধানী ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) বাংলাদেশের ১১তম বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক, গবেষক এবং পেশাজীবী সাংবাদিকরা অংশ নেবেন।

সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনের মুখে গণমাধ্যম শিক্ষা: বাংলাদেশের সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা’।

আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ সম্মেলনটির আয়োজন করছে। এতে সহযোগিতা করছে ডয়চে ভেলের প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান ডিডব্লিউ একাডেমি। অর্থায়ন করছে জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)।

আয়োজকেরা জানান, সম্মেলনে উপস্থাপনের জন্য মোট ১৪৫টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা পড়েছিল। সেগুলোর মধ্য থেকে পর্যালোচনার ভিত্তিতে ৩৬টি গবেষণাপত্র নির্বাচন করা হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলোর অর্ধেক ঢাকার গবেষকদের। অন্যগুলো চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী ও রংপুরের গবেষকদের।

শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আয়োজক কমিটির আহ্বায়ক ও আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. ইমরান ফিরদৌস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন সিজেইএন বাংলাদেশের সভাপতি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপ-উপাচার্য অধ্যাপক জুড ডব্লিউ আর জেনিলো, ডিডব্লিউ একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্দে এবং আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম। উপাচার্য অধ্যাপক এম তামিম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এম আবুল কালাম আজাদ। ‘শ্রেণিকক্ষ থেকে সংবাদকক্ষের প্রত্যাশা: কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপতথ্যের যুগে সাংবাদিকতা শিক্ষা’ শীর্ষক প্রবন্ধে তিনি নতুন সাংবাদিকদের কাছে গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রত্যাশা, সংবাদকক্ষে এআইয়ের ব্যবহার এবং মিথ্যা তথ্যের বিস্তার মোকাবিলার বিষয়গুলো তুলে ধরবেন।

দুই দিনের সম্মেলনে মোট ১২টি গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি থাকবে প্যানেল আলোচনা ও কর্মশালা। প্রথম দিন ছয়টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এসব গবেষণায় সংবাদকক্ষে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, প্রযুক্তিগত সুবিধার আঞ্চলিক বৈষম্য, গণমাধ্যম সাক্ষরতা, অপতথ্য শনাক্তে দর্শক-পাঠকের সক্ষমতা, সম্পাদকীয় নৈতিকতা এবং সাংবাদিকতায় শিক্ষার্থীদের এআই ব্যবহারের বিষয় গুরুত্ব পাবে।

শুক্রবার বিকেলে ‘সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন শাহাব উদ্দিন, ড. বেলাল হোসেন, ড. মো. মহিউল ইসলাম এবং প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম। আলোচনাটি সঞ্চালনা করবেন মমতাজ পারভীন মুমু।

শনিবার দ্বিতীয় দিনের শুরুতে ডিডব্লিউ একাডেমির বিশেষ অধিবেশন থাকবে। এরপর আরও ছয়টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এতে তথ্য যাচাই ও ফ্যাক্টচেকিং, গণমাধ্যমে লিঙ্গ ও দৃশ্যমানতার উপস্থাপন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, এআইভিত্তিক পাঠ্যক্রম, এআই সাক্ষরতা এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আলোচনা হবে।

দুপুরে দ্য ডেইলি স্টারের ডেটা ও অনুসন্ধান বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাইমা ইসলাম ‘শ্রেণিকক্ষ থেকে সংবাদকক্ষ: শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংবাদিকতা পাঠ্যক্রম প্রণয়ন’ শীর্ষক কর্মশালা পরিচালনা করবেন।

এদিন ‘ডিজিটাল সংবাদকক্ষের উপযোগী পাঠ্যক্রমে উদ্ভাবন’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তাবিউর রহমান প্রধান, দিলশাদ হোসেন দোদুল, মো. ফারহাদ উদ্দিন এবং যমুনা টেলিভিশনের জয়েন্ট এডিটর (নিউ মিডিয়া) মোরশেদুজ্জামান হেমু। আলোচনা সঞ্চালনা করবেন মুশফেকা ইসলাম।

পিএস

Link copied!