• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ বন্দিরা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৩৪ পিএম
কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ বন্দিরা

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কারাগারে থাকা নিবন্ধিত বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন। একই সঙ্গে তারা চলমান সংস্কারবিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন।

কারা অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ ভোটগ্রহণ কার্যক্রমে শুক্রবার পর্যন্ত ৫ হাজার ৯৯০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। শনিবার এই কার্যক্রমের শেষ দিন। এদিন নিবন্ধিত বাকি ১ হাজার ৯২৩ জন বন্দির ভোট দেওয়ার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটাধিকার বাতিল বলে গণ্য হবে।

এই ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছেন কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দি। তাঁদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাইপ্রোফাইল বন্দির মধ্যেও এসব নাম রয়েছে।

কারা অধিদপ্তরের তথ্যমতে, নিবন্ধিত ভিআইপি বন্দিদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন। ভোট কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ঢাকা বিভাগকে দুটি অংশে ভাগ করা হয়েছে। ঢাকা বিভাগ-১–এর আওতায় নিবন্ধিত বন্দির সংখ্যা ১ হাজার ৪৭৬ জন এবং ঢাকা বিভাগ-২–এর আওতায় ১ হাজার ১৮৩ জন।

ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানান, প্রতিটি নিবন্ধিত বন্দিকে একটি প্যাকেটে তিনটি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য ‘হ্যাঁ’ ও ‘না’ অপশনসহ পৃথক ব্যালট পেপার রয়েছে। ভোট দেওয়ার পর বন্দিরা খামগুলো সিল করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে সেগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়। সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সাধারণ ভোটের সঙ্গে এসব পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন এবং শুক্রবার ৪২০ জন বন্দি ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপের মাধ্যমে কারা কর্তৃপক্ষের সহায়তায় গত ৫ জানুয়ারি পর্যন্ত তিন সপ্তাহব্যাপী অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!