• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকার যেসব আসন ঝুঁকিপূর্ণ দেখছে সেনাবাহিনী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:১৭ পিএম
ঢাকার যেসব আসন ঝুঁকিপূর্ণ দেখছে সেনাবাহিনী

ফাইল ছবি

ঢাকার ১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঢাকা ১৪ ও ১৬ আসনের দুটি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রকে ঝুঁকির মাত্রা অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ। এই শ্রেণিবিন্যাসের ভিত্তিতেই প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। কেউ গুজব ছড়িয়ে বা মিথ্যা তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকালীন কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের প্রাথমিক যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ভুল তথ্য বা উসকানিমূলক সংবাদ পরিবেশন এড়াতে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার কথাও বলেন তিনি। একই সঙ্গে নির্বাচন চলাকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয় সেনাবাহিনী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও সেনাবাহিনী নিশ্চিত করবে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!