• ঢাকা
  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরীক্ষায় ধরা পড়ল ভেজাল, যে ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৬, ২০২৬, ০৯:০৩ পিএম
পরীক্ষায় ধরা পড়ল ভেজাল, যে ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ফাইল ছবি

মান নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং ঐতিহ্যবাহী বাঘাবাড়িসহ একাধিক ব্র্যান্ডের ঘি ও বাটার অয়েল বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে নিম্নমানের এসব পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের অংশ হিসেবে বাজার থেকে সংগৃহীত নমুনা নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে এসব পণ্যের নিম্নমানের প্রমাণ পায় সংস্থাটি।

বিএসটিআই জানায়, বাঘাবাড়ির ঘিতে দুগ্ধজাত চর্বি বা মিল্ক ফ্যাটের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাম অলিন ও বনস্পতি দিয়ে তৈরি করে তা 'ঘি' নামে বিক্রি করা হচ্ছিল। অন্যদিকে, পরীক্ষা করা ঘিগুলোতে আয়োডিন, রিফ্র্যাক্টিভ ইনডেক্স ও স্যাপোনিফিকেশন ভ্যালু নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে। এছাড়া বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের হাঁসের মাংস, তেহারি, কালা ভুনা, গরুর মাংস ও মাছের মসলায় অতিরিক্ত ছাই ও লবণের উপস্থিতি ধরা পড়েছে।

বিএসটিআই যে ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, সেগুলো হলো:

বম্বে সুইটসের কারী পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলা।

বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘি।

কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের অরুন বাঘাবাড়ী ব্র্যান্ডের ঘি।

মেসার্স মামুন ফুড প্রোডাক্টসের নিউ রাঁধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি।

এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েল।

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, জাতীয় মান বজায় রাখা প্রতিটি প্রতিষ্ঠানের নৈতিক ও আইনি দায়িত্ব। ভেজাল রুখতে নিয়মিত নজরদারি জোরদার রাখা হয়েছে। ক্রেতাদের মানচিহ্ন দেখে পণ্য কেনার অনুরোধ জানিয়ে যেকোনো অনিয়মে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!