ঢাকা : ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ এর ক্রমিক নং ৩ অনুযায়ী সেবার ফি হার সংশোধন প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। সংশোধনী প্রস্তাব জনমত ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে এবং সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ’র সভাপতিত্বে ৯৭১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ (ডিপজিটরি প্রদত্ত সেবার ফি) -এর ক্রমিক নং ৩ এর (ফি হার) সংশোধনী প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। যথাযথভাবে জনমত এবং সংশ্লিষ্টদের মতামত-পরামর্শ বিবেচনায় নিয়েই সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটি যথাশীঘ্র সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে।
চূড়ান্ত সংশোধনী অনুযায়ী বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি হার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে যা ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস ও বিএসইসির মধ্যে সমভাবে বন্টিত হবে অর্থ্যাৎ প্রত্যেকে ৫০ টাকা হারে উক্ত ফি প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে অর্থ্যাৎ ২০২৫-২৬ অর্থবছরের থেকে এটি কার্যকর হবে। পূর্ববর্তী অর্থবছরের ক্ষেত্রে সংশোধন পূর্ববর্তী বিধান অনুযায়ী ডিপজিটরি ফি অর্থ্যাৎ ৪৫০ টাকা হারে প্রযোজ্য থাকবে।
এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরের অগ্রিম বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি হিসাবায়নের সময়সীমা আগামী ১৫ অক্টবর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যদিকে কমিশন সভায়, প্রধান উপদেষ্টার বৈঠক (১১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত) এর দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিসমূহকে পুঁজিবাজারে আনয়নের নির্দেশনার আলোকে পাবলিক ইন্টারেস্ট এনটিটিকে দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ পর্যালোচনা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এএইচ/পিএস







































