ফাইল ছবি
ঢাকা: পুঁজিবাজারের উপর জনগণ যে আস্থা হারিয়ে ফেলেছে, সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। এই বাজার পরিচালিত হতে হবে স্বচ্ছতার সঙ্গে। সবমিলিয়ে পুরো শেয়ারবাজারে একটা বড় পরিবর্তনের পরিকল্পনা আমাদের আছে। যা হলে শেয়ারবাজারে বড় ধরনের বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, শেয়ারবাজার যে একটু বেড়েছে, এটা সুখবর নিশ্চয়। তবে এই বাড়া দিয়ে শেয়ারবাজার চাঙ্গা হবে না। এটা হয়তো গণতান্ত্রিক সরকার আশায় আস্থা বেড়ে হয়েছে। এই বাড়াটাকে আমি বাড়া বলব না।
তিনি বলেন, শেয়ারবাজারে একটা পূর্ণাঙ্গ পরিবর্তন আনতে হবে। শেয়ারবাজারকে নিয়ে, বিএসইসিকে নিয়ে, আমাদের অনেকগুলো আইনকানুন পরিবর্তনের মাধ্যমে পরিবেশ সৃষ্টি করতে হবে। যাতে ভালো শেয়ার বাজারে আসে। যেনো জনগণ সেখানে বিনিয়োগ করার সুযোগ পায়। দেশি ও বিদেশি ফান্ড আনতে হবে শেয়ারবাজারে।
তিনি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়নের মাধ্যমে সারাদেশের উন্নয়ন হবে। এই বাজারের মাধ্যমে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়বে। এছাড়া দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আসবে।
এএইচ/পিএস







































