• ঢাকা
  • রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:১৬ পিএম
বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ঢাকা: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীল অবস্থা ধরে রাখতে ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১২ কোটির বেশি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের কাট-অব দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এ নিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।

সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসী আয় বেড়েছে; ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। সরবরাহ বেড়ে যাওয়ায় ডলারের মূল্য কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার যোগান-চাহিদার ভারসাম্য ঠিক রাখতে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বাজারভিত্তিক হস্তক্ষেপ একদিকে বিনিময় হারে অস্থিরতা কমায়, অন্যদিকে রিজার্ভ শক্তিশালী করতেও ভূমিকা রাখে। ফলে সামগ্রিকভাবে বৈদেশিক খাতের স্থিতি ও আস্থার পরিবেশ জোরদার হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) ৮ ব্যাংক থেকে ১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অব রেট উভয়ই ছিল ১২২ টাকা ৩০ পয়সা। সব মিলিয়ে চলতি ফেব্রুয়ারিতে ১৪৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার এবং চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ৫৩৮ কোটি মার্কিন ডলার (৫.৩৮বিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!