ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই সাক্ষাতের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে নিয়ে বার্তা দিয়েছেন ট্রাম্প।
শেয়ার করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা খেলোয়াড়। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ ভিডিওটির সঙ্গে একটি এআই দিয়ে তৈরি দৃশ্যও যুক্ত করা হয়, যেখানে ওভাল অফিসের ভেতরে ট্রাম্পের সঙ্গে ফুটবল খেলতে দেখা যায় রোনালদোকে।
আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, রোনালদোকে যুক্তরাষ্ট্রে আসার আহ্বানের পেছনে দুটি কারণ থাকতে পারে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবল বিশ্বকাপের আসর-সে উপলক্ষে তাকে সেখানে দেখতে চাওয়া হতে পারে। পাশাপাশি আমেরিকান মেজর লিগ সকারে যোগ দেওয়ার আহ্বানও পেতে পারেন বর্তমানে সৌদি ক্লাব আল নাসেরে খেলা এই তারকা।
এখনও বিশ্বকাপ জেতা হয়নি এই পর্তুগিজ সুপারস্টারের। তবে তাঁর পা যেখানে পড়েছে, সেখানেই এসেছে গোলের বন্যা। এখন পর্যন্ত ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা ৯৬৪-ব্যক্তিগতভাবে ১০০০ গোলের রেকর্ড গড়তে আর মাত্র ৩৬ গোল দূরে আছেন সিআর সেভেন।
এসএইচ







































