• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুরগি-সবজিতে স্বস্তি, মাছের বাজারে আগুন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২৬, ১২:১৬ পিএম
মুরগি-সবজিতে স্বস্তি, মাছের বাজারে আগুন

রাজধানীর বাজারে স্বস্তি ফিরেছে সবজি ও মুরগির দামে, তবে মাছের বাজারে অস্থিরতা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে এমন চিত্রই দেখা যাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। বরবটি, বেগুন, ঢেঁড়স, পটল, করলা—প্রায় সব ধরনের সবজির দামই কিছুটা কমেছে। কাঁচামরিচেও বড় ধরনের স্বস্তি এসেছে, কেজিতে প্রায় ৪০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে। জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক থাকলে দাম আরও কমতে পারে বলেও মনে করছেন তারা।

মুরগির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। সোনালি ও ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

অন্যদিকে মাছের বাজারে উল্টো চিত্র। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ, রুই, কাতল, চিংড়ি, শিং, মাগুরসহ বিভিন্ন মাছের দাম বেড়ে ক্রেতাদের চাপ বাড়িয়েছে।

ব্যবসায়ীরা জানান, সরবরাহ কিছুটা কমে যাওয়া এবং চাহিদা বেশি থাকায় মাছের দাম বেড়েছে। বিশেষ করে ইলিশের দাম আকারভেদে ১৪০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত উঠেছে।

সার্বিকভাবে বলা যায়, সবজি ও মুরগির বাজারে স্বস্তি এলেও মাছের দামের ঊর্ধ্বগতিতে এখনো অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা।

এম

Link copied!