ছবি : প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ সফররত তুরস্ক বাণিজ্য প্রতিনিধিদলের সাথে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) ডিসিসিআই গুলশান সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
তুরস্ক সাত সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তুর্কিশ ইলেক্ট্রো টেকনোলজি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (টিইটি) সহ-সভাপতি বুরাক বাসেগমেজলার। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তুরষ্কের বাণিজ্য প্রতিনিধিদলের এ ধরনের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আগামীতে আরো সম্প্রসারিত হবে।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশদুটোর দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.০৫ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৪১৬.৭৬ মিলিয়ন ও ৬৩৪.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের বিভিন্ন খাতে ইতোমধ্যে তুরষ্কের উদ্যোক্তাবৃন্দ ৭৪.০৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে জানিয়ে ডিসিসিআই সভাপতি তৈরি পোশাক, চামড়া ও পাদুকা শিল্প, পাটজাত পণ্য, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য, ঔষধশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, তথ্য-প্রযুক্তি বিষয়ক সেবা ও সফটওয়্যার, হোম টেক্সটাইল এবং ভোগ্যপণ্য প্রভৃতি সম্ভাবনাময় খাতে একক এবং যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিনিধিদলের প্রধান ও টিইটি’র সহ-সভাপতি বুরাক বাসেগমেজলা বলেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি, হোম এ্যাপলায়েন্স, জেনারেটরসহ এ ধরনের পণ্যের বাংলাদেশে বেশ চাহিদা রয়েছে এবং তাঁর দেশের বিনিয়োগকারীবৃন্দ এখাতে একক ও যৌথ বিনিয়োগে আগ্রহী।
তিনি জানান, চলতি বছরের নভেম্বরে তুরষ্কের ইলেকট্রনিক খাতের উদ্যোক্তাদের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, যেখানে দুদেশের বেসরকারি খাতের প্রতিনিধিবৃন্দ দ্বিপাক্ষিক আলোচনা ও বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশন অংশ নিতে পারবেন। যার মাধ্যমে এখাতের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে, যা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে দুদেশের উদ্যোক্তাদের সম্পর্ক আরো নিবিড় করতে হবে। দুদেশের উদ্যোক্তাদের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার একটি কার্যকর সেতুবন্ধনের ভূমিকা পালন করতে পারে।
ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পিএস







































