• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ভাটা


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০২৬, ০৩:২৬ পিএম
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ভাটা

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ব্যবসায় মুনাফা কমেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৪১৩ কোটি ১৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭ টাকা ৬৯ পয়সা এবং নিট মুনাফার পরিমাণ ছিল ৪১৫ কোটি ২২ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ২ কোটি ৪ লাখ টাকা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য বিক্রি কমে যাওয়ায় প্রথম ছয় মাসে তাদের মুনাফায় নেগেটিভ মার্ক পড়েছে।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। এ সময়ে নিট মুনাফা হয়েছে ২০৩ কোটি ৬৮ লাখ টাকা। আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৮০ পয়সা এবং নিট মুনাফা হয়েছিল ৯৭ কোটি ২৭ লাখ টাকা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০৬ কোটি ৪১ লাখ টাকা বা প্রায় ১০৯ শতাংশ। 

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ১৫ পয়সা।

এএইচ/পিএস

Link copied!